দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (৫০ শয্যা বিশিষ্ট) সম্মেলন কক্ষে ২০২৬ সালের মিজলস-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং টিকাদান কর্মসূচি শতভাগ সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোহাইমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), দেলদুয়ার।
জনাব এস.এম. ফেরদৌস আহমেদ, সাধারণ সম্পাদক, দেলদুয়ার উপজেলা বিএনপি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (হাসপাতাল প্রধান), দেলদুয়ার।
সভায় টিকাদান ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, আগামী প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এমআর টিকা অত্যন্ত জরুরি। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “সরকারি এই স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন সব ধরনের সহযোগিতা প্রদান করবে। টিকাদান কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ বলেন, “জনকল্যাণমূলক যেকোনো কাজে আমরা সবসময় পাশে আছি। শিশুদের সুরক্ষিত রাখতে এই টিকাদান কর্মসূচি সফল করা আমাদের সকলের সামাজিক দায়িত্ব। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে আমাদের নেতাকর্মীরাও সহযোগিতা করবেন।”
হাসপাতাল প্রধান (ইউএইচএফপিও) সভায় ক্যাম্পেইনের কারিগরি দিক ও প্রস্তুতির খতিয়ান তুলে ধরেন। তিনি জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রে দক্ষ টিকাদান কর্মীরা উপস্থিত থাকবেন। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।















