দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামে সামাজিক অবক্ষয়, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এক বিশাল সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলার ডুবাইল জাগরণী সমাজকল্যাণ সমিতির খেলার মাঠে ডুবাইল গ্রামের সর্বসাধারণের যৌথ উদ্যোগে এই ‘ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, দুর্নীতি ও মাদকবিরোধী আলোচনা সভা-২০২৬’ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বর্তমান সমাজের অন্যতম ব্যাধি মাদকাসক্তি, ইভটিজিং, কিশোর গ্যাং, দুর্নীতি, অনলাইন জুয়া ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের ভয়াবহ চিত্র তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে এসব ধ্বংসাত্মক পথ থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সাথে সমাজে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দেখা মাত্রই তা দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান অতিথিরা।
উক্ত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন:
জনাব জোহরা সুলতানা যূথী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), দেলদুয়ার, টাঙ্গাইল।
জনাব সাখাওয়াৎ হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), দেলদুয়ার থানা, টাঙ্গাইল।
এস এম ফেরদৌস আহমেদ, সাধারণ সম্পাদক, দেলদুয়ার উপজেলা বিএনপি।
অপু তালুকদার শিবলু, আহ্বায়ক, দেলদুয়ার উপজেলা যুবদল, টাঙ্গাইল।
“একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে কেবল আইনি কঠোরতাই যথেষ্ট নয়, বরং পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ সবচেয়ে বেশি জরুরি। যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।”
উক্ত সচেতনতামূলক সভায় ডুবাইল গ্রামের স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই এলাকাকে শতভাগ অপরাধমুক্ত করার এই উদ্যোগে একাত্মতা প্রকাশ করেন।
















