নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল | টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে কলা চুরির মিথ্যা অভিযোগে নজরুল ইসলাম নজির (৫৫) নামে এক কৃষককে গ্রাম্য সালিশে ১০ বার কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সেই অপদস্থ করার দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। এই ঘটনায় প্রতিকার ও বিচার চেয়ে ভুক্তভোগী কৃষকের বড় ছেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক নজরুল ইসলাম নজির গত কয়েকদিন আগে নিজের কলাবাগান থেকে কলা কেটে বাড়ি ফিরছিলেন। পথে ২/৩ জন ব্যক্তি তাকে গতিরোধ করে এবং কোনো প্রমাণ ছাড়াই কলা চুরির অপবাদ দিয়ে ভিডিও করতে শুরু করে। পরবর্তীতে বিষয়টি গ্রাম্য সালিশ পর্যন্ত গড়ায়।
ভুক্তভোগী কৃষক নজরুল ইসলাম নজির বলেন, “আমি নিজের বাগান থেকে নিজের কলা কেটে নিয়ে যাচ্ছিলাম। অথচ তারা মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার ভিডিও করে। গ্রাম্য সালিশে সাবেক ও বর্তমান মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে আমাকে অন্যায়ভাবে ১০ বার কান ধরে উঠবস করানো হয়।”
তিনি আরও আক্ষেপ করে বলেন, “সালিশের বিচার তো মানলাম, কিন্তু সেই অপদস্থ করার ভিডিও কেন ফেসবুকে ছেড়ে দেওয়া হলো? এতে আমার এবং আমার পরিবারের মান-সম্মান ধুলোয় মিশে গেছে।”
সালিশে উপস্থিত থাকা জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গও এই ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তারা জানান, সালিশি প্রক্রিয়ার পর কোনোভাবেই এমন অবমাননাকর ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা ঠিক হয়নি। এতে একজন মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে।
পিতার এই অপমানের বিচার চেয়ে তার বড় ছেলে টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে ভিডিও ধারণকারী ও ফেসবুকে প্রচারকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
















