যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় ১৭ এপ্রিল বিকেল সাড়ে চারটার কিছু সময় পর। সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (ইউএসএফ) শিক্ষার্থী ওমর হোসাইন বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগে গিয়ে জানান, আগের দিন সকাল ১০টার পর থেকে তিনি তাঁর বন্ধু নাহিদা সুলতানা বৃষ্টির কোনো দেখা পাননি।
ওমর হোসাইন তাঁর বান্ধবী নাহিদাকে ফোন করার চেষ্টা করেছিলেন। কিন্তু কয়েকবার চেষ্টা করেও তাঁর ফোনটি বন্ধ পান।
এরপর ওমর তাঁদের দুজনেরই বন্ধু জামিল আহমেদ লিমনকে ফোন করার চেষ্টা করেন। কিন্তু লিমনের ফোনটিও বন্ধ পান তিনি।
হোসাইন বলেন, এরপর তিনি অ্যাভালন হাইটস স্টুডেন্ট হাউজিং কমপ্লেক্সে লিমনের ফ্ল্যাটে যান।
তাঁর (লিমনের) স্কুটারটি সেখানেই ছিল। লিমনের বাসায় থাকা আরেকজন ঋষিত রাজ মাথুর তাঁকে জানান, তিনিও লিমনকে দেখেননি।
লিমনের শোবার ঘরের দরজায় টোকা দিলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ মেলেনি।

















