নিজস্ব প্রতিবেদক, দেলদুয়ার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে, ২০২৬) উপজেলার পাথরাইল ইউনিয়নের কৈজুরি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দেলদুয়ারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৈজুরি গ্রামে মাদকবিরোধী এই ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে তাদের সাজা প্রদান করা হয়।
একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
অন্যজনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোহাইমিনুল ইসলাম জানান, মাদকের ভয়াল থাবা থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের উপপরিদর্শকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
















